মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে শিল্পাঞ্চলের অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্তপুর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।
একপর্যায়ে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে পুলিশ বাধা দেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা এনভয় ও স্টারলিং কারখানার সামনে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে স্টারলিং স্টাইলস লিমিটেডের শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগম রয়েছেন। এ ছাড়া তিন পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেডইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু কারখানা বন্ধ থাকায় বিক্ষোভ করলে পুলিশ বাধা দেয়। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে পুলিশ শ্রমিকদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
অন্যদিকে, শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা এনভয় ও স্টারলিং পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ব্যবহার করে। তবে কোনো রাবার বুলেট নিক্ষেপ করা হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, শ্রমিকদের ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
























