দেশের শ্রমজীবী মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ৬টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব হাসপাতালে কেবল শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা পাবেন।
আজ ১৩তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।প্রধানমন্ত্রী জানান, দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হিসেবে প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, কালিয়াকৈর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে ১০০ শয্যার এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে।
অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠনে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তবে অতীতে স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশার কারণে সাধারণ মানুষ ও দেশের শিল্প খাতের কর্মীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।
বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সবার কল্যাণে কাজ করছে এবং দেশের অর্থনীতিকে সচল রাখা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।
তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালগুলোর নির্মাণকাজ দ্রুত শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হাসপাতালগুলো চালু হলে শিল্পাঞ্চলগুলোর লাখ লাখ পোশাক ও শিল্পশ্রমিক সহজেই উন্নত জরুরি ও বিশেষায়িত চিকিৎসা পাবেন।
























