রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ ঘটেছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁও এলাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। খিলগাঁও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আনসার সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।
ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো বাসার ছাদ অথবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।























