ঝিনাইদহের মহেশপুরে খেলার সময় ডোবার ডুবে হুমায়রা (৩) ও নাহিয়ান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা চাচাতো ভাইবোন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু নাহিয়ান যাদবপুর বাজারপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে ও হুমায়রা আশিকুর রহমানের মেয়ে।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে দুই শিশু তাদের দাদির সঙ্গে পাশের বাড়িতে যাচ্ছিলো। ওই সময় বাড়ির পাশের ডোবার পাড়ে খেলতে শুরু করে। তাদের খেলতে দেখে দাদি পাশের বাড়িতে যায়। ওই সময় ডোবায় পড়ে যায়। পরে স্বজনরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পরে ডোবার পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খেলা করার সময় ডোবা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগ রেকর্ড করা হবে।


























