দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।
শনিবার (১০ অক্টোবর) চাকরিপ্রার্থীদের পক্ষে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রার্থীদের পক্ষে বিজ্ঞপ্তিতে সই করেছেন মতিউর রহমান, আল মামুন, জোবায়ের আলম শেখ।
চিঠিতে চাকরিপ্রার্থীরা উল্লেখ করেন, লাখ লাখ বেকার দেশ ও জাতি গঠনের উত্তম পেশা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে দিন গুনছেন। এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসায় হাজার হাজার পদ দীর্ঘদিন ধরে ফাঁকা। কিন্তু এনটিআরসিএ দীর্ঘদিন ধরে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে না।
তারা সবশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করে (২ নভেম্বর ২০২৩), যদিও তাদের প্রতি বছর শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিধান আছে। এমতাবস্থায় অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে।’ প্রার্থীরা আরও উল্লেখ করেছেন, ‘দ্রুত ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধাবীদের শিক্ষক হওয়ার সুযোগ দিতে হবে।’
চাকরিপ্রার্থীদের তিন দফা দাবিগুলো হলো-
- দ্রুত সময়ের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
- ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তির আগে বিশেষ বা অন্য কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ না করা।
- ১৯তম নিবন্ধন বয়সসীমা ১ জুন ২০২৫ ধরে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে।


























