| |
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় বিরক্ত আবুল হায়াত
  • আমি একদম ঠিক আছি

    মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় বিরক্ত আবুল হায়াত

    Icon
    বিনোদন প্রতিবেদক
    প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

    সামাজিক যোগাযোগমাধ্যমে বরেণ্য অভিনেতার আবুল হায়াতের মৃত্যুর গুজব ছড়ানো হয়। এমন গুজব ছড়ানোয় বিরক্ত ও বিব্রত কিংবদন্তি এই অভিনেতা। এ বিষয়ে আবুল হায়াত গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি বলেন, ‘আমি একদম ঠিক আছি।

    গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে। প্রথমে বিষয়টি পাত্তা না দিলেও আজ দেখছি, সীমা অতিক্রম করেছে। দেশ-বিদেশে থাকা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনেরা একের পর এক ফোন করছেন। কেউ কেউ তো কাঁদছিলেনও। বিষয়টি খুবই বিরক্তিকর এবং বিব্রতকর।’

    যারা এমন গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশে আবুল হায়াত বলেন, ‘যারা এসব খবর ছড়াচ্ছেন, তাদের প্রতি আমি খুবই বিরক্ত ও ক্ষুব্ধ। একজন জীবিত মানুষকে এভাবে মেরে ফেলা যায় না। এর ফলে শুধু ওই মানুষটিই নয়, তার পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও ভীষণ কষ্ট পান।’

    এর আগেও একাধিকবার আবুল হায়াতের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসব ঘটনায় ক্ষোভ ও কষ্টের কথা জানিয়েছিলেন তিনি ও তার পরিবারের সদস্যরা। বলে রাখা যায়, ১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন আবুল হায়াত। বাবার চাকরির সুবাদে বেড়ে উঠেছেন চট্টগ্রামে। দেশের ইঞ্জিনিয়ারিংয়ের সেরা বিদ্যাপীঠ বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক সম্পন্ন করেন তিনি।

    কর্মজীবনের শুরুতে ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে চাকরি জীবন শুরু করলেও এক বছর পর ১৯৬৯ সালে অভিনয়ে নাম লেখান তিনি। ‘ইডিপাস’ নামের নাটক দিয়ে টেলিভিশনের পর্দায় অভিষেক হয় আবুল হায়াতের। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপন ও চলচ্চিত্রেও অভিনয় করেন এ অভিনেতা।

    অভিনয়ের বাইরে নির্মাতা আবুল হায়াতের বেশ সুনাম রয়েছে। এর বাইরে লেখক হিসেবেও সফল তিনি। তার লেখা প্রথম উপন্যাস ‘আপ্লুত মরু’ প্রকাশ হয় ১৯৯১ সালের বই মেলায়। এরপর ‘নির্ঝর সন্নিকট’, ‘এসো নীপ বনে’, ‘অচেনা তারা’, ‘জীবন খাতার ফুট নোট’ ও ‘জিম্মি’ বইগুলো লিখেছেন তিনি।

    কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকসহ নানা সম্মাননা পেয়েছেন আবুল হায়াত। ব্যক্তিগত জীবনে আবুল হায়াতের দুই মেয়ে বিপাশা হায়াত ও নাতাশা হায়াত। দুজনেই শোবিজের মানুষ। বিপাশার স্বামী তৌকীর আহমেদও একজন নন্দিত অভিনেতা-নির্মাতা।

    এছাড়া নাশাতার স্বামী শাহেদ শরীফ খানও জনপ্রিয় অভিনেতা।

    আরও পড়ুন