নির্মাণকাজ শেষ হওয়ার আগেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ে সড়কে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। রোববার (৪ অক্টোবর) সরেজমিনে দেখা যায় এ অবস্থা। শনিবার (৩ অক্টোবর) স্থানীয়রা সড়কে প্রথম এই সুবিশাল ফাটল দেখতে পান।
উপজেলার সিংলাব-পাকুণ্ডা এলাকার আন্ডারপাস সংলগ্ন প্রায় ২৫০ মিটার এলাকাজুড়ে পিচ ঢালাই সড়কে আড়াআড়ি ও লম্বালম্বি বড় ধরনের ফাটল ধরেছে এবং কিছু অংশ দেবে গেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত অংশে তাৎক্ষণিকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের একাধিক জায়গায় পিচ উঠে গিয়ে ভেতরের মাটি ও সুরকি বেরিয়ে এসেছে। এতে স্থানীয় বাসিন্দা ও চালকদের মধ্যে বড় ধরনের ধসের আতঙ্ক তৈরি হয়েছে। স্থানবাসীদের দাবি, নিম্নমানের বিটুমিন ও সামগ্রী ব্যবহার, অপরিকল্পিতভাবে দুপাশের নিচু জমি থেকে মাটি কাটা এবং গাইড ওয়াল না নির্মাণ করার কারণে সামান্য বৃষ্টিতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তবে নির্মাণকাজে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা বাইপাস সড়ক চারলেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী। ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বৃষ্টির ওপর দায় চাপিয়ে বলেন, “টানা দুই-তিন দিনের বৃষ্টির কারণে সড়কের নিচের মাটি ও বালু নরম হয়ে সরে যায়।
তার ওপর দিয়ে অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাটি দেবে ফাটল ধরেছে। কাজের মানের কোনো ত্রুটি ছিল না।” এদিকে সড়ক ও জনপথ বিভাগ জানায়, পিপিপি প্রকল্পের আওতায় চায়নিজ ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির কাজ পরিচালনা করছে।
সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি ভিত্তিতে বিকল্প ডাইভারশন রোড তৈরি করে হালকা যান চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দেবে যাওয়া অংশে দ্রুত ড্রিলিং ও মেরামতের কাজ করা হবে বলে জানা গেছে।
























