ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে দেশের আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে সরকার সর্বশক্তি নিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন প্রকল্প পুনর্বাসনের (প্রথম পর্যায়) উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে এ দেশে আইনের শাসনকে যেভাবে ধ্বংস করা হয়েছে, জনগণ আমাদের ওপর আস্থা রেখে যে দায়িত্ব অর্পণ করেছে, তা দিয়ে আমরা সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে চাই। সর্বশক্তি দিয়ে ইনশাআল্লাহ সবার জন্য আইনের সমান প্রয়োগ ও বিচার নিশ্চিত করা হবে।’
কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর সমালোচনা করে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে, যা সরকারের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করছে। এতে শেষ পর্যন্ত সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কৃষি ও জনসেবামূলক কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহের মধ্যেই সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১৩ লাখ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।
এ ছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে ১৫০-এ উন্নীত করা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
জনসভা শেষে প্রধানমন্ত্রী ড্রেজারের মাধ্যমে মুহুরী-কহুয়া খালের পুনঃখননকাজ এবং বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






























