মোঃ শরীফুল ইসলাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শেষে দেশে ফেরার পর এবার চারটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় যোগাযোগ ও সম্পর্ক জোরদারের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
দেশগুলো হলো— সৌদি আরব, জাপান, ভারত ও তুরস্ক। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে প্রস্তুতিমূলক যোগাযোগ, বৈঠক এবং প্রধানমন্ত্রীর পরবর্তী সফরসূচির পররাষ্ট্র এজেন্ডা নির্ধারণের কাজ চলছে।
জাপান সফর
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে টোকিও সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। এ সফরে বাণিজ্য, প্রযুক্তি স্থানান্তরের পাশাপাশি দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বৃদ্ধি গুরুত্ব পাবে।
সৌদি আরব সফর
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আগামী নভেম্বরের মাঝামাঝি প্রধানমন্ত্রী রিয়াদ সফর করতে পারেন। কৌশলগত বিনিয়োগ, শক্তি নিরাপত্তা, শিল্প সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলো এতে প্রাধান্য পাবে।
তুরস্ক সফর
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আগামী ১১-১২ নভেম্বর প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের সম্ভাবনা রয়েছে।
ভারত সফর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরের বিষয়ে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ বজায় রয়েছে। পরিবেশ অনুকূল হলে সুবিধাজনক সময়ে এই উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কোনো সফরেরই এখনো চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি, তবে আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক উন্নয়ন ও কূটনৈতিক সমন্বয়ে সফরগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।






























