পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা খুন করেননি, তিনি যে অপরাধ করেছেন সেটিকে ‘ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি’ বা মানবতাবিরোধী অপরাধ বলা হয়।
তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন এবং বাংলাদেশ তাকে ফেরত চাইছে। তাকে ফেরত দেওয়ার বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক ইস্যু। এ বিষয়ে অন্য কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের একটি সাক্ষাৎকারের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, তিনি ইন্ডিয়াতে আছেন আর আমরা তাকে চাইছি।
মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, উনি মাঝে মাঝে বলেন উনি নিজেই ফেরত চলে আসবেন। তিনি বলেন, আমরা তাকে চাইছি এবং ইন্ডিয়াকে এটা হস্তান্তর করতে হবে। মানে আমেরিকা যেটা বোঝানোর চেষ্টা করেছে সেটা আসলে একটা বাইল্যাটারাল ইস্যু, এটার মধ্যে কোনো অন্য কোনো দেশের আসলে কোনো ইনভলভমেন্টের প্রয়োজন নাই। আমরাও তাই মনে করি।
শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধের ধরন তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, আমাদের একজন দণ্ডপ্রাপ্ত ভয়ঙ্কর আসামি, ভয়ঙ্কর আসামি, আমিও কথাটা সবসময় বলি। উনি খুন করেননি, উনি যেটা করেছেন এটাকে ‘ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটি’ বলে। এটা একটা আলাদা মাত্রার অপরাধ, মানবতাবিরোধী অপরাধ। যেটার বিচার ইন্টারন্যাশনাল কোর্টে করা যায়।
তিনি বলেন, তাই, এইরকম একজন আসামি যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তিনি ইন্ডিয়াতে আছেন, আমরা অবশ্যই তাকে ফেরত চাই। এটা আমাদের দ্বিপাক্ষিক ব্যাপার এবং আমরা সে আলোচনা চালিয়ে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি।
ভারতের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য বৈঠকের প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা বলেন, আমি আগে একদিন বলেছিলাম যে ভারতের হাই কমিশনারের সাথে যখন আমার সাথে সৌজন্য বৈঠক হয়েছিল, তখনও আমি তাকে এই কথাটা আমি বলেছি।
উনি যার সাথেই দেখা করছেন, বাংলাদেশের এই অস্বস্তির জায়গাটা ভারতকে জানাচ্ছেন। আমি আশা করি যে তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।


























