বিএফইউজে মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ব্যক্তিবৃত্ত থেকে ক্ষমতা এখন জনগণের আঙিনায় পৌঁছেছে।
তারেক রহমান ক্ষমতায় এসে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। ডেল্টাগ্রামের সাম্প্রতিক জনমত জরিপে সরকারের প্রতি ৭৫.৩ শতাংশ সমর্থন ও সন্তুষ্টির প্রমাণ মিলেছে।
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, বাংলাদেশের এ যাবতীয় উন্নয়নের ৭০ থেকে ৭৫ শতাংশ বিএনপির অবদান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কারণেই এ দেশ আজকের অবস্থানে এসেছে। দেশের মানুষ বিশ্বাস করে, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি জানান, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে ডলার ও রুপির বিপরীতে টাকা বিগত সাড়ে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। ব্যাংক খাতের সংস্কার ও ঋণ আদায়ে কড়াকড়ির ফলে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ কমে ৩২.৭৮ শতাংশে নেমে এসেছে।
এ ছাড়া, অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে রেকর্ড ৬৪২.৯৩ মিলিয়ন ডলার আয় হয়েছে এবং যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ২৫.৬৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসে বিএনপি সরকার বিদেশি ঋণের ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার আসল ও সুদ বাবদ পরিশোধ করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও উল্লেখ করেন, সরকারের রাজনৈতিক অঙ্গীকারের বড় অংশ জুড়ে রয়েছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন। পরীক্ষামূলকভাবে হাজার হাজার পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে মাসে ২,৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ঋণ ও সুদ মওকুফের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ‘কৃষক কার্ড’ ও ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ চলছে। ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা, বিনামূল্যে শিক্ষা, মিড-ডে মিল এবং ‘হেলথ কার্ড’-এর মতো নাগরিকবান্ধব নানা কর্মসূচি বর্তমান সরকারের দূরদর্শী ভাবনারই প্রতিফলন।
যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফ্রন্টের সভাপতি নাছিম আহমদের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরী, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ আলী খানসহ বিশিষ্ট সাংবাদিক ও প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























