যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা থমকে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায় তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আর তার প্রভাব পড়েছে তেলের বাজারে। সোমবার (২৮ সেপ্টেম্বর) অপরিশআধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম এক শতাংশের বেশি বেড়েছে।
এদিন বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩২ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। এটি আগের দামের তুলনায় ১ দশমিক ২৭ শতাংশ বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৭০ সেন্ট বা ০ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১১ ডলারে উঠেছে।
গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি শান্তি প্রস্তাব দেয় ইরান। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছিল বলে জানায় তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অবশ্য বলেছেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানের সঙ্গে আবারও আলোচনা করতে পারেন। ফলে শান্তি আলোচনা শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি এখনো অনেক বেশি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের (এএনজেড) বিশ্লেষকেরা। তারা বলেছেন, হুথি ও ইরানের হামলা অব্যাহত থাকায় সৌদি আরবের দিকে তেল সরবরাহের পথ ঝুঁকির মধ্যে রয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইরান-সমর্থিত হুথিদের ইয়েমেন থেকে সৌদি আরবের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন তারা আটকে দিয়েছে। মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। এই পথে সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়।
তবে সরবরাহের দিক থেকে কিছুটা স্বস্তির তথ্যও পাওয়া গেছে। জ্বালানি ও পণ্যবাজারের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দিনে ১ কোটি ২৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।
ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটি সর্বোচ্চ রপ্তানির পরিমাণ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত রপ্তানি বাড়িয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনও বেড়েছে। চলতি মাসে এই পথে দৈনিক প্রায় ৭৪ লাখ ব্যারেল তেল পরিবহন হওয়ার কথা।
সূত্র: রয়টার্স


























