| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • খুচরা বাজারে এলপিজির দামে দিশেহারা গ্রাহকরা
  • খুচরা বাজারে এলপিজির দামে দিশেহারা গ্রাহকরা

    Icon
    মোঃ শরীফুল ইসলাম
    প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

    মোঃ শরীফুল ইসলামঃ 

    বাংলাদেশ শক্তি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত দামকে তোয়াক্কা না করে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। এর ফলে খুচরা বাজারে এসে চরম ক্ষোভ ও দিশেহারা পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন সাধারণ গ্রাহকরা।

    রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ও রিটেইলার পয়েন্ট ঘুরে দেখা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য নির্ধারিত সরকারি মূল্যের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি দাবি করা হচ্ছে। সরকারের বেঁধে দেওয়া দামের তোয়াক্কা না করেই খুচরা বিক্রেতারা ইচ্ছেমতো দামে সিলিন্ডার বিক্রি করছেন।

    গ্রাহকদের অভিযোগ, বাজারে গেলে সরকারি দামের কোনো প্রতিফলন দেখা যায় না। বিক্রেতারা কৃত্রিম সংকট বা পরিবেশকদের কাছ থেকে বাড়তি দামে কেনার অজুহাত দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছেন। বাসা-বাড়িতে নিত্যপ্রয়োজনীয় এই জ্বালানির দাম লাগামহীন হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের স্বাভাবিক বাজেট ব্যাহত হচ্ছে।

    খুচরা বিক্রেতাদের দাবি, পরিবেশক বা ডিলার পর্যায়েই তাদের বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে।  ফলে পরিবহন খরচ ও আনুষঙ্গিক লাভ যুক্ত করে তাদেরও বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

    ভোক্তা অধিকার সচেতন মহল ও সাধারণ গ্রাহকরা বলছেন, বাজার মনিটরিং এবং প্রশাসনিক নজরদারির তীব্র অভাবেই বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। বিইআরসি কেবল প্রতি মাসে দাম ঘোষণা করেই দায়িত্ব শেষ করছে, কিন্তু ঘোষিত দামে বিক্রি হচ্ছে কি না—তা নিশ্চিতে তদারকি নেই।

    অবিলম্বে ডিলার ও খুচরা পর্যায়ে অভিযান চালিয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা।

    আরও পড়ুন