জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কার্যক্রমের ওপর নজরদারি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তৃতায় বাংলাদেশ প্রসঙ্গে এ আহ্বান জানান ফলকার তুর্ক।
মানবাধিকারবিষয়ক বক্তব্যে ফলকার তুর্ক বলেন, নিরাপত্তার নামে পরিচালিত সামরিকীকৃত পদ্ধতি এবং আইনশৃঙ্খলা রক্ষার কিছু পুরোনো কৌশল অনেক সময় উল্টো ফল বয়ে আনে। এসব চর্চা সরকারগুলোর জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে।
তিনি বলেন, ‘এই শক্তিকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়? এ কাজের জন্যই মানবাধিকার।’ বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বলেন, দেশটিতে নিরাপত্তা বাহিনীর ওপর নজরদারি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে তার দপ্তর।
ফলকার তুর্ক আরও বলেন, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধে জাতিসংঘ তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি অভিযোগ করেন, মৃত্যুদণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে সংখ্যালঘু জনগোষ্ঠী, দরিদ্র মানুষ এবং ভিন্নমত প্রকাশকারীদের সংখ্যা বেশি।
তিনি কয়েকটি দেশে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

















