গ্রাহক হয়রানি, ঘুষ লেনদেন এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে। বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম উত্তরা পাসপোর্ট অফিসে এ অভিযান শুরু করে।
দুদক জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। দুদক সূত্রে জানা গেছে, উত্তরা পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দালালচক্রের হাতে জিম্মি ও প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন- এমন অসংখ্য অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযানের সময় দুদকের প্রতিনিধি দলটি ছদ্মবেশে অফিসের বিভিন্ন কক্ষ, আবেদনপত্র জমা দেওয়ার কাউন্টার এবং পাসপোর্ট বিতরণের বুথগুলো পর্যবেক্ষণ করছেন। দুদকের এনফোর্সমেন্ট টিম সূত্রে জানা গেছে, দালালচক্র এবং সেবাবঞ্চিত মানুষের নানা অভিযোগ ভিত্তিতে পাসপোর্ট অফিসের ভেতরের কোনো কর্মকর্তা বা কর্মচারী এ অসাধু চক্রের সঙ্গে জড়িত আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
রেজিস্টারপত্র পরীক্ষা ও অভিযোগের সত্যতা যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন দুদক কমিশনে দাখিল করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।

























