আজ ১ সেপ্টেম্বর ২০২৬, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। ১৯৭৮ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকার রমনা বটমূলে দলটির প্রতিষ্ঠা করেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী ভাবধারা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বিএনপি গঠন করা হয়।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে বিএনপি চেয়ারম্যান ও সিনিয়র নেতারা শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার প্রকাশ, বৃক্ষরোপণ এবং জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি।

























