হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে লাউঞ্জ ও আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং সেখানে উপস্থিত যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ছয় সদস্যের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বলাকা লাউঞ্জের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।
পরিস্থিতি দেখে যাত্রী ও অন্যান্য উপস্থিত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকে নিরাপদ স্থানে সরে যান। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।























