রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪৫টি মামলা দায়ের করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিভিন্ন অবৈধ আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
একই সাথে অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দেশীয় একটি ওয়ান শুটারগান, একটি শিশার কার্তুজ, দুটি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯টি ইয়াবা এবং ২৩ বোতল বিদেশি মদ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


























