রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে নতুন ধারা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শান্তা ফারজানাসহ ছয়জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাতে শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা জিয়াউল হক মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বাবুল সরদার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় শান্ত ফারজানাসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক ঘণ্টার বেশি সময় অবস্থানকালে নতুন ধারা বাংলাদেশের ছয়জনকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। রাতে তাদের কড়া পাহারায় হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের করে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
আহত অবস্থায় ছয়জনকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রমনা জনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) রাব্বানী।
পুলিশ হেফাজতে নেওয়া নতুন ধারা বাংলাদেশের ছয় নেতাকর্মী হলেন-নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।





























