| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ছাগলকাণ্ডের মতিউরের বিচার শুরু
  • দুর্নীতির মামলা

    ছাগলকাণ্ডের মতিউরের বিচার শুরু

    Icon
    আদালত প্রতিবেদক
    প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

    প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিচার শুরু হয়েছে। সোমবার (০৩ আহস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

    একইসঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। গত ৫ জুলাই এ মামলায় মতিউরের পক্ষে অব্যাহতি চেয়ে করা (ডিসচার্জ) আবেদনের শুনানি শেষ হয়। আজ সেই আবেদন নামঞ্জুর করে আদালত বিচার শুরুর আদেশ দেন। এদিন কারাগার থেকে আসামি মতিউরকে আদালতে হাজির করা হয়।

    এ সময় আসামিপক্ষে আইনজীবী আলহাজ্ব মো. বোরহান উদ্দিন জামিন চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন৷

    ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা হয়। মামলায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক।

    অভিযোগপত্রে বলা হয়, মতিউর রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুস, দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

    ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

    আরও পড়ুন