বলিউডে একের পর এক ভিন্ন ধাঁচের চরিত্রে নিজেকে মেলে ধরছেন কিয়ারা আদভানি। রোমান্টিক নায়িকা থেকে শুরু করে নানা রূপে দর্শককে চমকে দিয়েছেন তিনি। এবার সাউথ সুপারস্টার যশের আগামী মেগা প্রজেক্ট ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এ ‘নাদিয়া’ চরিত্রে দেখা যাবে তাকে। এ চরিত্রে নিজের অভিনয় জীবনের সবচেয়ে সাহসী চরিত্রটি তুলে ধরতে চলেছেন কিয়ারা।
সম্প্রতি ফেমিনা সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিনেমায় যুক্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি। চিত্রনাট্য শোনার পরপরই সিদ্ধান্ত নেন সিনেমায় অভিনয় করার। এ প্রসঙ্গে কিয়ারা বলেন, ‘পরিচালক যখন আমাকে গল্পটি শোনান, চরিত্রটির গভীরতা দেখে আমি একদম মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম।
প্রতিটি অভিনেতাই স্ক্রিনে এমন একটি জটিল ও শক্তিশালী চরিত্র ফুটিয়ে তোলার স্বপ্ন দেখেন। আমার মনে হয়েছে ক্যারিয়ারের এমন এক পরিপক্ক জায়গায় আমি এসে পৌঁছেছি, যেখানে দাঁড়িয়ে এই ধরনের সাহসী চরিত্র করার আত্মবিশ্বাস আমার তৈরি হয়েছে।’
নারী চরিত্রকে গতানুগতিক ছকে আটকে রাখার বিরোধিতা করে কিয়ারা আরও বলেন, ‘আমাদের সমাজে নারীরা একাধারে অনেক কিছু সামলায়। তাই সিনেমায় নারী চরিত্রগুলোকে কেন সাধারণ রাখা হবে? আমার মতে স্ক্রিনে নারী চরিত্রগুলোর আরও শক্তিশালী, বাস্তবমুখী ও জটিল হওয়া প্রয়োজন।’
সিনেমাটির ট্রেলার নিয়ে বিতর্ক শেষ না হতেই প্রকাশ পেয়েছে দুটি গান, যেখানে যশ ও কিয়ারার রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তবে সেখানেও বিতর্ক কম হয়নি। দক্ষিণী পরিচালক গীতু মোহনদাসের পরিচালনায় এবং কেভিএন প্রোডাকশনস ও যশের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘টক্সিক’।
সিনেমাটির গল্প যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস। বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সিনেমাটি মূলত ইংরেজি ও কন্নড় ভাষায় একসাথে শুট করা হচ্ছে, পরবর্তীতে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পাবে এটি।
যশ ও কিয়ারা আদভানি ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্তের মতো শক্তিশালী তারকারা। যশের অ্যাকশনের সাথে কিয়ারার এই সাহসী রূপ প্রেক্ষাগৃহে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।

























