আগামী ৩০ জুলাই কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতার জন্মদিন। এই উপলক্ষে তাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান সাজিয়েছে মাছরাঙা টেলিভিশন, যেখানে অংশ নিচ্ছেন দেশের ১০ জন নন্দিত তারকা।
জন্মদিনে সাধারণত কানাডায় ছেলের কাছেই থাকেন ববিতা, এবারও ব্যতিক্রম হচ্ছে না। তবে দেশে তাকে ঘিরে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠানের। ‘ববিতা সমগ্র’ শিরোনামের এই অনুষ্ঠানের গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনায় আছেন রুম্মান রশীদ খান। শুটিং আগেই শেষ হওয়ায় অনুষ্ঠানে থাকছে ববিতার নিজেরও উপস্থিতি।
জন্ম থেকে বর্তমান সময় পর্যন্ত ববিতার পুরো জীবনযাত্রা উঠে আসবে এই আয়োজনে। চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা জানা-অজানা দিক নিয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বক্তব্যে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এতে অংশ নিচ্ছেন সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন; অভিনেতা-নির্মাতা আলমগীর ও মাসুদ পারভেজ সোহেল রানা; অভিনেত্রী আনোয়ারা ও জয়া আহসান; ববিতার দুই বোন কোহিনূর আক্তার সুচন্দা ও গুলশান আরা চম্পা; এবং অভিনেতা আফজাল হোসেন ও শাকিব খান। তারা প্রত্যেকেই ববিতাকে নিয়ে স্মৃতিচারণ করবেন এবং জানাবেন জন্মদিনের শুভেচ্ছা।
অনুষ্ঠান নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন ববিতা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য ‘ববিতা সমগ্র’ দারুণ কিছু হতে যাচ্ছে। আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এক্সক্লুসিভ এই আয়োজন দেখে আমি সত্যিই অভিভূত। খুবই ভালো হয়েছে আয়োজন। অনুষ্ঠানটি দেখলে আমাকেই জানা হয়ে যাবে পুরোটা। আমার বিশ্বাস, দর্শক অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।’
অনুষ্ঠানটির সঞ্চালক রুম্মান রশীদ খানের ভাষায়, ‘ববিতার লাখো-কোটি ভক্তের জন্য অসামান্য এক দলিল হয়ে থাকবে ‘ববিতা সমগ্র’। কারণ, সেলিব্রিটি টক শোতে সাধারণত আলাপচারিতাই প্রাধান্য পায়। কিন্তু ববিতা সমগ্র অনুষ্ঠানে ছকে বাঁধা গল্পের বাইরে থাকবে অভিনেত্রীকে ঘিরে অভিনব অনেক আয়োজন। দর্শক এখানে শুধু সাক্ষাৎকারই নয়, ববিতার অনন্য জীবন, কর্ম ও স্মৃতির নানা অধ্যায় নতুনভাবে আবিষ্কার করবেন।’
মাছরাঙা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩০ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘ববিতা সমগ্র’। অজয় পোদ্দারের প্রযোজনায় নির্মিত অনুষ্ঠানটি ঘিরে ইতিমধ্যে দর্শকমহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।


























