পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এ ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দৃর্শকপ্রিয়তা পান মধুমিতা সরকার। ওই চরিত্রের সুবাদে বাংলাদেশেও তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। এর আগে ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এবার প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন এই অভিনেত্রী।
নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও অভিনেত্রী দুজনই।
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। গল্পের কেন্দ্রে থাকবেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলার বারবার শিকার হন।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মধুমিতা। গল্প ও চরিত্র দুটিই তার ভীষণ পছন্দ হয়েছে জানিয়ে অভিনেত্রী বলেন, ‘চরিত্রটিতে একাধিক স্তর থাকায় অভিনয়ের সুযোগও অনেক।’
সিনেমাটির নির্মাণ-অগ্রগতি নিয়ে কথা বলেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। তিনি জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং চলতি বছরই শুটিং শুরু হবে।
আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে মহরত, সেদিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে অন্যান্য শিল্পীর নাম। পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও নানা কারণে তখন কাজ শুরু করা সম্ভব হয়নি।
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত এই সিনেমা আগামী বছরের কোনো এক ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
বিনোদন প্রতিবেদক


























