| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • পরকীয়ায় প্রাণ গেল রেলওয়ের প্রকৌশলীর
  • পরকীয়ায় প্রাণ গেল রেলওয়ের প্রকৌশলীর

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

    রাজধানীর বনানীতে পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বিউটি আক্তার নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

    শনিবার (১১ জুলাই) দুপুরে বনানী থানাধীন মহাখালী টিভি গেট এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাড়িটির মালিক তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

    সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। বাড়ির মালিক সুমন জানান, শনিবার দুপুরে বাড়িটির তৃতীয় তলা থেকে চিৎকার শুনে গিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। তার পেটে দুটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং পুরুষাঙ্গ কাটা ছিল। পরে তিনি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মামুনের চাচা মুকছেদ আলী ভূঁইয়া। তিনি জানান, মোবাইল ফোনে জানতে পারেন, মামুন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। পরে হাসপাতালে এসে তিনি তার মরদেহ দেখতে পান। তবে কী ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

    তাদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে। মামুনের বাবার নাম বাবুল হোসেন। তার স্ত্রী শাহিনা আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা। তিনি গ্রামেই থাকেন। চলতি মাসের ১ জুলাই মামুন বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকায় কর্মস্থলে যোগ দেন। চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকতেন।

    এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার পরিদর্শক (অপারেশন) একেএম মঈন উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে বিউটি আক্তার নামে ওই তরুণীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাস্থলের বাসাটি বিউটি আক্তারের।

    শনিবার সকালে মামুন ওই বাসায় গিয়েছিলেন। তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল কি না, নাকি অন্য কোনো ঘটনা রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    আরও পড়ুন