একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এস এন নজরুল ইসলাম বলেন, আপনারা জানেন, আজ ২৩ জুন একটি রাজনৈতিক দলের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) প্রতিষ্ঠাবার্ষিকী। একইসঙ্গে মহররম মাসও চলছে। এ বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি বলেন, রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও ঢাকা এবং আশপাশের কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছেন।
ডিএমপির এ কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করি, বাকি সময়েও কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না। ঢাকাবাসী নিরাপদ থাকবে, ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

























