চট্টগ্রামে ঈদুল আজহা উপলক্ষে জমজমাট গরম মসলার বাজার। খুচরা দোকানি ও বনেদি পরিবারগুলো ভিড় করছেন খাতুনগঞ্জের পাইকারি মসলার বাজারে।বৈধ অবৈধ পথে আসা এলাচ, জিরা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচে বাজার সয়লাব। কয়েক মাস ধরে গরম মসলার বাজার স্থিতিশীল থাকলেও গোটা মরিচের দাম বেড়েছে কেজিতে অন্তত ৫০ টাকা।
তবুও ব্যস্ততা বাড়ছে অলিগলির কলঘরে, যেখানে মসলা গুঁড়ো করা হয়। তবে নানা আতঙ্কও আছে ক্রেতাদের। জিরার সঙ্গে ক্যারাওয়ে বীজ মেশানোর ঘটনা ধরা পড়েছে ভোক্তা অধিকারের অভিযানে। আগে পচা নিম্নমানের মসলা গুঁড়ো করার এমনকি ভুষি মেশানোর ঘটনাও ধরা পড়েছিল।
দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের আড়ত, খুচরা বিক্রির জন্য প্রসিদ্ধ বকশির হাট, রিয়াজউদ্দিন বাজার এবং বিবিরহাটের মসলার দোকানগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, নতুন-পুরোনো, রং, সুবাস, আকার, উৎপাদনকারী দেশ, এলসি খরচ, পরিবহন ব্যয় ও মানভেদে মসলার দাম কমবেশি হচ্ছে। বাজারে চাহিদার তুলনায় কিছু মসলার সরবরাহ বেশি। পাইকারি বাজারে দাম একটু ওঠানামা করলেও মোটামুটি স্থিতিশীল। তবে অন্যান্য বছরের মতো আশানুরূপ বেচাকেনা নেই এবার। গোটা মসলার চাহিদা কমে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব। দ্বিতীয়ত মানুষের ক্রয়ক্ষমতা কমছে। তৃতীয়ত বড় পরিবার ভেঙে ছোট পরিবার বেড়ে যাওয়ায় রেডিমেড বা প্যাকেটজাত মসলার দিকে ঝোঁক বাড়ছে।
চট্টগ্রাম বন্দরে এলাচ, জিরাসহ কিছু গরম মসলা চট্টগ্রাম বন্দরের বাইরে বিভিন্ন স্থলবন্দর দিয়েও আমদানি হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে এলাচ ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৫০ টন, দারুচিনি ১৩ হাজার ২৯৬ টন, লবঙ্গ ১ হাজার ৩৫০ টন, জিরা ৩ হাজার ১১৫ টন, জৈত্রিক ৩৫০ টন, জায়ফল ৩৩৬ টন, গোলমরিচ ১ হাজার ৯৫৯ টন, আদা ৪৫ হাজার ৫৩৮ টন, রসুন ৫৩ হাজার ১০১ টন। ২০২৪-২৫ অর্থবছরে এলাচ এসেছিল ১ হাজার ৮৪৬ টন, দারুচিনি ১৫ হাজার ৭৩৯ টন, গোলমরিচ ১ হাজার ৬৫৯ টন আমদানি হয়েছিল।
বকশির হাটে ভারতের এলাচ ৪ হাজার ৮০০ টাকা, আমেরিকান এলাচ ৪ হাজার ২০০ টাকা, শ্রীলংকার স্পেশাল দারুচিনি ১ হাজার ৫০ টাকা, ভিয়েতনামের ৪৮০ টাকা, লবঙ্গ ১ হাজার ৪৮০ টাকা, ভারতের চিকন জিরা ৬২০, মিষ্টি জিরা ২২০ টাকা, বাদাম ১৯০ টাকা বিক্রি হচ্ছে।
তিনি জানান, ২-৩ মাস আগে ভারতের মরিচ খুচরায় বিক্রি হতো ৩৬০ টাকার এখন ৪২৫ টাকা। গুয়েতেমালার এলাচি ৪ হাজার ৮০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৪৮০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, টাইগার চিকনজিরা ৬০০ টাকা, মিষ্টি জিরা ২২০-২৫০ টাকা, জৈত্রিক ২ হাজার ৯০০ টাকা, জায়ফল ৮৫০-৯০০ টাকা, সাদা গোলমরিচ ১ হাজার ৪০০ টাকা, কালো গোলমরিচ ১ হাজার ২০০ টাকা, টক আলু বোখরা ১ হাজার ৫০০ টাকা, মিষ্টি আলুবোখরা ৪৮০ টাকা, কাঠবাদাম ১ হাজার ৩০০ টাকা।
খাতুনগঞ্জের সালাম ট্রেডার্সে পাইকারিতে এলাচি ৩ হাজার ৭২০ থেকে ৪ হাজার ৪০০ টাকা, চিকন জিরা ৫৩৫, মিষ্টি জিরা ১৬৩, দারুচিনি ৪১০, কালো গোলমরিচ ১ হাজার ১০, লবঙ্গ ১ হাজার ২৮০ টাকা। এলাচ ৩ হাজার ৭৫০ থেকে ৫ হাজার টাকা, চিকন জিরা ৫২৫ থেকে ৫৩৫, মিষ্টি জিরা ১৬৫-১৭০, সাদা গোল মরিচ ১ হাজার ২২০ টাকা, কালো গোলমরিচ ১ হাজার ১০, দারুচিনি ৩৫০-৪২০, ভারতের মরিচ ৩৩৫-৩৮৫ টাকা, হাটহাজারীর মরিচ ৪০০ টাকা বিক্রি হচ্ছে।
খাতুনগঞ্জে ভারতের কম ঝালের মরিচ ৩৯০ টাকা, ঝাল মরিচ ৩৪০ টাকা। হাটহাজারীর মরিচ ৪০০ টাকা। দেশি গোটা হলুদ ১৮০ টাকা, ভারতের ২১৫ টাকা, দেশি গোটা ধনিয়া মানভেদে ১২০-১৫০ টাকা। পাইকারি বাজারে মসলার সরবরাহের তুলনায় ক্রেতা নেই। বিশেষ করে চোরাচালানের মসলার কারণে বৈধ আমদানিকারকদের লোকসান হচ্ছে, ন্যায্যমূল্য পাচ্ছেন না।
এলাচের দাম বেশি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এলাচের ব্যবহার বহুমুখী। ওষুধ থেকে শুরু করে মাংস, চা, বিস্কুটসহ বিভিন্ন খাবারে এলাচের ব্যবহার বাড়ছে। মধ্যবিত্তের প্রিয় মসলা হচ্ছে জিরা।
তিনি জানান, ছোট আকারের এলাচ ৩ হাজার ৭০০ টাকা, বড় আকারের এলাচ ৪ হাজার টাকা এবং লবঙ্গ ১ হাজার ২৬০ থেকে ১ হাজার ৩০০ টাকা বিক্রি করছি আমরা।
এবার কোরবানির চাহিদা মেটাবে দেশি পেঁয়াজ। পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়াসহ উত্তরবঙ্গ থেকে প্রচুর পেঁয়াজ আসছে। মানভেদে ৩২ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে আড়তে।
জাহেদা ট্রেডার্সে চীনা আদা বিক্রি হচ্ছে ১৩০ টাকা, চীনা রসুন ১১০ টাকা এবং দেশি রসুন ৩৫ টাকা বিক্রি হচ্ছে পাইকারিতে।
বড় পরিবারের কোরবানির জন্য বেশি মসলার প্রয়োজন। তারা অনেকেই খাতুনগঞ্জের আড়ত বা বড় দোকান থেকে এসব মসলা সংগ্রহ করেন। পীতাম্বর শাহ নামের বিখ্যাত দোকানটি থেকে মরিচ কিনছিলেন বাকলিয়ার জান্নাতুল ইসলাম। তিনি বলেন, দুই গরুর কোরবানির জন্য অনেক মসলা দরকার হয়। তাই আগেভাগে পাইকারি দোকান থেকে দেখেশুনে মসলা কিনি আমরা। খোলা মসলার গুঁড়োতে ভেজাল মেশানোর ভয় থাকে। প্যাকেট মসলার আবার দাম বেশি। তাই গোটা মসলা কিনে ধুয়ে মুছে রোদে শুকিয়ে কলঘরে এসব মসলা গুঁড়ো করে রাখি কোরবানির জন্য। কিছু মসলা বেশ কয়েক মাস চলে যায়। ভালোমানের ভারতের মরিচ নিয়েছি ৪১০ টাকা আর হাটহাজারীর মরিচ ৪৫০ টাকা। মরিচ যদি ভালো না হয় রান্না তো হবে না।
মুরাদপুরের বিবিরহাট, বহদ্দারহাট, রিয়াজউদ্দিন বাজারসহ বেশ কিছু এলাকায় গুড়ো মসলার বড় বড় দোকান গড়ে উঠেছে। বিবিরহাটের ১৯৬৮ সাল থেকে ব্যবসা করছে হরিণ মার্কা মসলা। ধনিয়া বাদে ১৩ পদের স্পেশাল মসলার গুঁড়া বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকা। মিষ্টি মরিচের গুঁড়ো প্রতিকেজি ৫৪০ টাকা, রায়পুরের মরিচ ও ঝাল মরিচ ৪৬০ টাকা, হলুদ ৩৬০ টাকা, মিক্স মসলা ৬০০ টাকা, ধনিয়া ২৮০ টাকা, চিকন জিরা ৯৬০ টাকা, মিষ্টি জিরা ৪২০ টাকা বিক্রি হচ্ছে।
এবার মরিচের ঝাল বেড়েছে। গত রমজানে হাটহাজারীর মিষ্টি মরিচের গুঁড়ো বিক্রি ছিল ৪৮০ টাকা, এখন ৫৪০ টাকা। রায়পুরের মরিচের গুঁড়ো আগে ছিল ৪২০ টাকা এখন ৪৬০ টাকা।

























