৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • প্রবাস কথা
  • জাতিসংঘে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বানঃ আরিফুল হক
  • জাতিসংঘে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বানঃ আরিফুল হক

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ৭ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ণ

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে বলেছেন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা, উন্নত ও নির্ভুল তথ্যব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্য ও ভ্রান্ত তথ্য মোকাবিলায় সমন্বিত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

    নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের মাল্টি-স্টেকহোল্ডার রাউন্ড টেবিল-৪-এর সহসভাপতির বক্তব্যে তিনি বলেন, অভিবাসী শ্রমিকদের ‘ব্যবহারযোগ্য শ্রমশক্তি’ হিসেবে নয়, বরং অধিকারসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে।

    নির্ভুল, বিশ্লেষণভিত্তিক ও তুলনাযোগ্য অভিবাসন তথ্য সংগ্রহ, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, আন্তঃসংস্থা সমন্বয় জোরদার এবং ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকারের সুরক্ষার ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন।

    তিনি আরও বলেন, বহুমুখী সেবাকেন্দ্র, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের মাধ্যমে অভিবাসনের প্রতিটি পর্যায়ে সঠিক ও সময়োপযোগী তথ্য নিশ্চিত করা প্রয়োজন।

    গৃহকর্মী, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করে তিনি শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ প্রতিরোধে অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি জেনোফোবিয়া ও ভ্রান্ত তথ্যনির্ভর অভিবাসনবিরোধী প্রচারণা মোকাবিলায় জবাবদিহিতা, ডিজিটাল সাক্ষরতা এবং অন্তর্ভুক্তিমূলক জনআলোচনা জোরদারের ওপর গুরুত্ব দেন।

    দ্বিপক্ষীয় ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মর্যাদা, সুরক্ষা ও সবার কল্যাণ নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থাপনায় ‘সমগ্র সরকার ও সমগ্র সমাজ’ভিত্তিক সমন্বিত পদ্ধতি গ্রহণ অপরিহার্য।

    আরও পড়ুন