মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তরুণ ফুটবলারদের এই অর্জনে দেশজুড়ে আনন্দের আবহ তৈরি হয়। সেই সময় প্রতিমন্ত্রী দেশে ফেরার পর দলকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেন। সেই অনুযায়ী প্রথমে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়, এরপর আজ আয়োজন করা হয় আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে দলের প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্রীড়া দিবসে সাফজয়ী ফুটবলারদের সম্মাননা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি ভবিষ্যতে ফুটবলারদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাসও দেন।
মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশের তরুণরা যে দৃঢ়তা দেখিয়েছে, তা দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে। এই অর্জনের স্বীকৃতি হিসেবেই তাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।


























