সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, স্বল্প সময়ের মধ্যেও সরকার জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। মাত্র ২৫ দিনের সরকার সব সংকট কাটিয়ে যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) জেলার গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর ওপর নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনস্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন খাতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সংযোগ আরও সহজ ও কার্যকর হয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গণপরিবহনে যাত্রীচাপ সামাল দিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পূর্বের রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে, যাতে ঈদযাত্রা নির্বিঘ্ন হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি কমে।
মন্ত্রী আরও জানান, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট বিরাজমান থাকলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ধাপে ধাপে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয় রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে পূর্ববর্তী সরকারের সময় নেওয়া অপ্রয়োজনীয় ও লোক দেখানো প্রকল্পগুলো পুনর্বিবেচনার কথাও জানান তিনি। জনস্বার্থ বিবেচনায় প্রকৃত প্রয়োজনীয়তা যাচাই করে প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

































