বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গুলশান বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বনানী কবরস্থানে কোকোর কবরের পাশে কোরআন তেলাওয়াত করেন আলেম ও হাফেজরা। শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

































