| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
  • এনপিএ

    নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

    নতুন রাজনৈতিক দলের (প্ল্যাটফর্ম) নেটওয়ার্ক ফর পিপলসের (এনপিএ) আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করা হয়। পাঁচ মূলনীতি এবং সাত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করলো।

    ওই প্ল্যাটফর্মের মুখপাত্র ও কাউন্সিল সদস্যদের নাম ঘোষণা করেন মীর হুযাইফা আল মামদূহ (কাউন্সিল সদস্য)।

    মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন ফেরদৌস আরা রুমী, তুহিন খান ও নাজিফা জান্নাত। ফেরদৌস আরা রুমী ও তুহিন খান লেখক ও অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। নাজিফা জান্নাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং ছাত্র ইউনিয়নের নেত্রী।

    এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলে স্থান পাওয়া ১০১ জনের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী চার নেতা রয়েছেন।

    তারা হলেন, এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায় (ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক), সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান, সাবেক কালচারাল সেলের উপপ্রধান সৈয়দা নীলিমা দোলা এবং সাবেক সদস্য সৈয়দ ইমতিয়াজ নদভী।

    এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অলিউর সান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক নূমান আহমাদ চৌধুরী ও রাফসান আহমেদ এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলে স্থান পেয়েছেন।

    মুখপাত্র ও কাউন্সিল সদস্যদের নাম ঘোষণার পর এনপিএর তিন মুখপাত্র প্ল্যাটফর্মের ঘোষণাপত্র পাঠ করেন। একই সঙ্গে প্ল্যাটফর্মের পাঁচটি মূলনীতি ঘোষণা করা হয়।

    মূলনীতিগুলো, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনপিএর কাউন্সিল সদস্য অনিক রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, শ্রমিক নেত্রী মোশরেফা মিশু, কথাসাহিত্যিক মশিউল আলম, লেখক আলতাফ পারভেজ, বাসদের (মার্ক্সবাদী) নেত্রী সীমা দত্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বখতিয়ার আহমেদ, শিল্পী অমল আকাশ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল ভূঁইয়া, কবি জাহিদ জগৎসহ অনেকে।

    জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তত ২৮শ’টির বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

    আরও পড়ুন