| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অস্ট্রেলিয়ার বাজারে অব্যাহত থাকবে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা
  • অস্ট্রেলিয়ার বাজারে অব্যাহত থাকবে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ

    স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পরও অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে। দেশটির পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়েছে।

    পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়ে একমত হয়েছে উভয় দেশ।

    বুধবার (২৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে জানানো হয় সম্প্রতি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা)-এর আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

    বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

    অস্ট্রেলিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।
    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

    বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই সিদ্ধান্ত ও আশ্বাসের বিষয়টি উঠে আসে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।

    বৈঠকের মূল আলোচ্য বিষয়সমূহ:

    রপ্তানি বহুমুখীকরণ: অস্ট্রেলিয়ার বাজারে তৈরি পোশাক ছাড়াও পাট ও পাটজাত পণ্য, চামড়া, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল শিল্প, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা হয়।

    কৃষিপণ্য বাণিজ্য: অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তাজা আম রপ্তানির অনুমোদন পেতে চলমান কারিগরি মূল্যায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টিও গুরুত্ব পায়।

    বিনিয়োগ ও আঞ্চলিক জোট: নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে অস্ট্রেলিয়ার বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য জোট ‘আরসিইপি’-তে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে।

    বৈঠকে আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও উঠে আসে। এ লক্ষ্যে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাওয়া হয়।

    বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি এসব খাতে বিনিয়োগের সুযোগ-সুবিধা ও সরকারের দেওয়া প্রণোদনা সম্পর্কে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলকে অবহিত করা হয়।

    দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর টিফা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবারের বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর টিফা স্বাক্ষরিত হয়। এর আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বহুমুখীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

    আরও পড়ুন