বাংলাদেশ পুলিশের জনবল সংকট দূর করতে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে নতুন করে ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুমোদিত এসব পদের মধ্যে রয়েছে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র)।
নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে জারি করা পৃথক মঞ্জুরি আদেশে রাজস্ব খাতে অস্থায়ীভাবে এই পদগুলো সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রয়োজনীয় সম্মতি নিয়েই এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
বেতন স্কেল ও যোগ্যতা:
উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র): নতুন অনুমোদিত ৪ হাজার এসআই পদটি জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডের অন্তর্ভুক্ত। এ পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩’ অনুযায়ী এসব পদ পূরণ করা হবে।
কনস্টেবল: ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা হয়েছে ১৭তম গ্রেডে, যার বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। এ পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে, কনস্টেবল নিয়োগের একটি প্রক্রিয়া ইতোমধ্যেই চলমান রয়েছে।
গত ৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে ৩০ অক্টোবর পর্যন্ত সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
তবে নতুন অনুমোদিত পদগুলোতে কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ বা নিয়োগ কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে দ্রুতই বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, এই ১৪ হাজার জনবল যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা বহুগুণ বাড়বে।























