আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল, পরিবার সব ধ্বংস করেছে। কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দাঁড়িয়াপাড়ায় নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। আরও অনেক মামলা আছে অপেক্ষায়। তার জায়গা কোথায়, বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের আইনের শাসন ব্যবস্থা দেখিয়ে দিয়েছে।
তিনি বলেন, এই দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার চেষ্টা করছিল, তাদের আমরা অবশ্যই ধরব এবং আইনের আওতায় আনব।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল, পরিবার সব ধ্বংস করেছে, এখানে এখন যারা আছে তাদেরও ধ্বংস করা শুরু করেছে।
নিজ বাসার গেটে আগুন দেওয়ার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে, জয় বাংলা বলেই দৌড়, খোঁজে মিলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কীভাবে ডিল করতে হয়, এ দেশের মানুষ জানে, সরকারও জানে।
তিনি বলেন, সরকার সহনশীলতা চর্চা করে। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসীদের স্থান নাই। আওয়ামী সন্ত্রাসীদের স্থানও বাংলাদেশে নেই, সরকার কঠোর অবস্থান নেবে।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক নেতৃত্ব উজ্জ্বল। দেশে বৈদেশিক বিনিয়োগ আসতেছে, শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করছে। এগুলো দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠি আছে যাদের মাথায়, পেটে ব্যথা হয়। এগুলো করেই তারা বিলীন হয়ে যাবে।
হুমায়ুন কবির বলেন, স্পষ্ট অবস্থান সন্ত্রাসীদের বিরুদ্ধে। কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না।
এসব কর্মকাণ্ডে সরকার কোনো চাপে পড়ছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, না, কোনো চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে? পাল্টা প্রশ্ন ছুড়ে দেন প্রতিমন্ত্রী।
























