| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • টানা পতনের পর বেড়েছে তেলের দাম
  • মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনায়

    টানা পতনের পর বেড়েছে তেলের দাম

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

    টানা দরপতনের পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্নের ঘটনায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

    আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯২ ডলার ২২ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বরের সরবরাহ চুক্তির দাম ১৯ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৪০ সেন্ট হয়েছে।

    এর আগে বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনে বিস্ফোরিত হয়েছে। পাশাপাশি সৌদি আরবের রিয়াদে ইরান-সমর্থিত হুথিদের হামলার খবরে তেলের বাজারে অস্থিরতা আরও বাড়ে।

    রাকুটেন সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক সাতোরু ইয়োশিদা জানান, রিয়াদে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তেল কেনার দিকে ঝুঁকছেন। এ ছাড়া আগামী ২৯ নভেম্বর তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের (OPEC+) বৈঠকে উৎপাদন কমানোর আগের সিদ্ধান্ত বজায় থাকার প্রত্যাশাও দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

    এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্বে তেল ও গ্যাসের বাণিজ্য ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্নের মুখে পড়েছে। যদিও সামগ্রিকভাবে চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩.৫ শতাংশ কমার পথে রয়েছে, তবে ভূ-রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে তেলের বাজার আরও অস্থিতিশীল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    সূত্র: রয়টার্স

    আরও পড়ুন