রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ ও বের হওয়ার পথসহ নগরীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বাংলানিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি পুরো ঢাকা শহরে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানো হয়েছে। চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোলও জোরদার করা হয়েছে।
নিয়াজ মেহেদী বলেন, সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তারে ব্লক রেইড ও চিরুনি অভিযান চালানো হচ্ছে। ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পর রাজধানীতে এসে আশ্রয় নেওয়া কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টাই পুলিশের অভিযান চলছে।
রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যেন নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন এবং দৈনন্দিন কাজ ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এ জন্য রাজধানীজুড়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
























