বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের আস্ফালন বা অপতৎপরতা দেশের জনগণ সহ্য করবে না। গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে পরাজিত ও নিষিদ্ধ গোষ্ঠীগুলো নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আজ বুধবার চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছে, তা নস্যাৎ করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বা আড়ালে থেকে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিষয়ে প্রশাসন ও সাধারণ জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একটি বিশেষ দলের নেতাকর্মীদের ওপর কোনো হামলার ঘটনা ঘটছে না, তারাও নীরব রয়েছেন— এটাও চিন্তার বিষয়।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাবুদ্দিন হাসান বাবু, মুহাম্মদ মুসা, মিয়া মুহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী প্রমুখ।
তিনি আরও উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কোনো ধরনের উসকানি বা গুজবে কান না দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানান।























