রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাটারা থানা পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থা তাকে আটক করে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে
এক মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে তিনি দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেন। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। প্রায় দেড় মাস পর ওই বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে প্রবেশ করে খুতবা দেওয়ার চেষ্টা করলে সাধারণ মুসল্লিদের সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়।
ওই ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে খতিবের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
























