| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • ‘আমাকে বাঁচান’, বিচারপতিদের কাছে ইমরান খানের চিঠি
  • ‘আমাকে বাঁচান’, বিচারপতিদের কাছে ইমরান খানের চিঠি

    Icon
    এশিয়ান দর্পন ডেস্ক
    প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

    পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন। দীর্ঘদিনের কারাবাস, নির্জন বন্দিত্ব ও চিকিৎসার অভাবে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দাবি করে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে চলতে থাকলে জীবিত ফিরে আসতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

    সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এসব কথা বলেন ইমরান খান। তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। খবর রয়টার্স, আলজাজিরা ও ডনের।

    চিঠিতে ৭৪ বছর বয়সী ইমরান খান দাবি করেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হচ্ছে। দীর্ঘদিনের একাকিত্ব ও পর্যাপ্ত মানবিক যোগাযোগের অভাবে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে।

    নিজের শারীরিক অবস্থা তুলে ধরে তিনি জানান, ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন। গত ১০ নভেম্বর তার রক্তচাপ ১৯২ থেকে ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।

    ইমরান খান অভিযোগ করেন, পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করে দেওয়া হয়েছে। গত এক বছরে আইনজীবীর সঙ্গে মাত্র চারবার সাক্ষাতের সুযোগ পেয়েছেন তিনি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে টেলিফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

    নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইমরান। তার দাবি, গত এপ্রিলে বুশরা রেটিনার সমস্যায় আক্রান্ত হলে অস্ত্রোপচার করা হয়। চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করে তিনি দেখতে পান, বুশরা আলো সহ্য করতে পারছেন না, এমনকি চোখও খুলতে পারছেন না। দ্রুত আরেকটি অস্ত্রোপচার না হলে তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

    চিঠিতে ইমরান আরও বলেন, গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ ও ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশনাও ছিল। তবে তার অভিযোগ, আদালতের সেই নির্দেশ এখনো বাস্তবায়ন করা হয়নি।

    ইমরান খান বলেন, তিনি আদালতের কাছে কোনো বিশেষ সুবিধা চাইছেন না। শুধু আদালতের আগের নির্দেশনা বাস্তবায়ন এবং নিজের ও স্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। চিঠির শেষাংশে তিনি বলেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।’

    এদিকে ইমরান খানের অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তিনি দাবি করেছেন, কারাগারে ইমরান খান প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন। তার অভিযোগকে বাস্তবতাবিবর্জিত উল্লেখ করে মন্ত্রী বলেন, আদালতের মাধ্যমেই ইমরান খান আইনি প্রতিকার পেতে পারেন। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনেও বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের দাবি অনুযায়ী, কারাগারে থাকা অবস্থায় ইমরানকে একাধিকবার চিকিৎসা পরীক্ষা করানো হয়েছে।

    উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন ইমরান খান। তার স্ত্রী বুশরা বিবিও দুর্নীতির মামলায় কারাদণ্ড ভোগ করছেন। তোশাখানা-২ মামলায় গত বছরের ডিসেম্বরে তাদের দুজনকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইমরান খান ও তার দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

    আরও পড়ুন