লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন নাহিদ ইসলাম।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার ভেন্যুর প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ভেন্যুর বাইরে জড়ো হন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা।
অনুষ্ঠান শেষে প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় এনসিপির নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি দিয়ে পেটাতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য, বাইরে অবস্থানকারীরা অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন। একপর্যায়ে মেফেয়ার হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে হাতাহাতি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ কয়েক দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামের একটি আলোচনাসভা ঘিরেও তাকে হেনস্তার চেষ্টার ঘটনা ঘটেছিল।
























