জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষার্থী ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ঢাকার জার্মান দূতাবাস।
এখন থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে যেতে ইচ্ছুকরা অনলাইনে ভিসার আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।
রোববার (১৫ নভেম্বর) ঢাকার জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টাল ‘আউসল্যান্ডসপোর্টাল’ (Auslandsportal)-এর মাধ্যমে এই নতুন আবেদন ব্যবস্থা চালু করা হয়েছে।
নতুন ব্যবস্থার সুবিধা ও নিয়মাবলি:
অনলাইন আবেদন ও আপলোড: অ্যাপয়েন্টমেন্টের আগেই আবেদনকারীরা অনলাইনে ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে পারবেন।
প্রাথমিক যাচাই:
ভিএফএসের মাধ্যমে প্রাথমিকভাবে নথিপত্র যাচাইয়ের সুযোগ থাকায় দূতাবাসে সরাসরি উপস্থিতির সময় অনেক কমে যাবে। দূতাবাসে সশরীরে উপস্থিতির সময় মূলত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে।
অনলাইন ট্র্যাকিং:
আবেদনকারীরা অনলাইন পোর্টালের ড্যাশবোর্ড থেকে তাদের আবেদনের বর্তমান অগ্রগতি জানতে পারবেন।
পরিবারের সদস্যদের সঙ্গে যৌথ আবেদন:
প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
পুরোনো অপেক্ষমাণ তালিকা বাতিল:
নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর অংশ হিসেবে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপেক্ষমাণ তালিকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
আগে যারা শিক্ষার্থী ভিসার জন্য নিবন্ধন করেছিলেন এবং অপেক্ষমাণ তালিকায় ছিলেন, তাদের নিবন্ধন আর কার্যকর থাকবে না।
নতুন ও পুরোনো সব আবেদনকারীকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নতুন অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও বিস্তারিত নির্দেশনা জানতে ভিজিট করুন: ডিজিটাল ডিপ্লোমা পোর্টাল
























