রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও মাদক কারবারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত অপরাধী ‘জাকির গ্রুপের’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই, একটি সুইচ গিয়ার চাকু ও একটি কাটারসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার এসআই রাজু আহমেদের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযানে যায়। পুলিশকে দেখে অভিযুক্তরা হামলা চালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত জাকিরসহ চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গ্রেপ্তার হওয়া জাকির একজন তালিকাভুক্ত ছিনতাইকারী ও ইয়াবা ব্যবসায়ী, যার বিরুদ্ধে ইতিমধ্যে ১০টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বসিলা গার্ডেন সিটি, লাউতলা ও চাঁদ উদ্যান এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।
বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
























