রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তিতে আজ ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণ প্রাণ হারিয়েছেন এবং একটি দোকানসহ অন্তত আটটি বসতঘর ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় আগুনের সূত্রপাত হয়। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তরুণ শাহরিয়ার রহমান শুভ্র ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের বাসিন্দা মো. মনির হোসেন ও মোর্শেদা আক্তার মিতা দম্পতির সন্তান। তিনি টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ইসলাম নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন।
আগুন লাগার প্রকৃত কারণ এবং মোট ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।























