আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চাল, ডাল, গম, চিনি, ভোজ্যতেল এবং পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আমদানিকারকদের ৯০ দিনের বাকিতে (Deferred Payment/Deferred Credit) ঋণসুবিধা প্রদান করা হয়েছে।
সরবরাহকারী বা ক্রেতার ক্রেডিটের অধীনে সর্বোচ্চ ৯০ দিন বা তিন মাসের সরবরাহের সময়সীমা (usance terms) নির্ধারণ করে এ সুযোগ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলারদের (এডি) পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক শাখাগুলোকে এ সংক্রান্ত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে জানানো হয়, রমজান মাসে বাজারে এসব নিত্যপণ্যের চাহিদা বহুগুণ বেড়ে যায়। এই সময়ে বাজারে যাতে কোনো ধরনের পণ্যের ঘাটতি তৈরি না হয় এবং আমদানিকারকরা যাতে ঋণপত্র (এলসি) খুলতে কোনো আর্থিক জটিলতার মুখোমুখি না হন, সেজন্যই এই শিথিলতা আনা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী:
আমদানিকারকরা পণ্য জাহাজীকরণের পর থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় পাবেন বাকিতে মূল্য পরিশোধ করার জন্য।
চাল, ডাল, চিনি, সয়াবিন ও পাম তেল, গম এবং পেঁয়াজ—এই ৬টি প্রধান নিত্যপণ্যের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে।
নির্দেশনায় বলা হয়েছে, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং নির্দিষ্ট মেয়াদের জন্য এ সুযোগ অব্যাহত থাকবে।
অর্থনীতিবিদ ও বাজার বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের ফলে আমদানিকারকদের নগদ টাকার ওপর চাপ কমবে এবং ব্যাংকিং খাতে ডলারের তাৎক্ষণিক চাহিদাও কিছুটা প্রশমিত হবে। ফলে রমজানে নিত্যপণ্যের সঠিক সরবরাহ বজায় থাকবে এবং সহনীয় দামে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছানো সহজ হবে।
























