নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিশুসুরক্ষা ও রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি।
সোমবার (৯ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে নারীর অর্থনৈতিক স্বাধীনতা, মাতৃ ও শিশুসেবা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং তরুণদের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ডা. জুবাইদা রহমান স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করা এবং মাতৃমৃত্যুর হার কমাতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। এ সময় স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, পরিবার কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা এবং মেয়েদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগের কথা জানান তিনি।
এ ছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, স্বনির্ভরতা ও দক্ষতা উন্নয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সুরক্ষায় সুরভির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জুবাইদা রহমান।
বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। ডা. জুবাইদা রহমান রোহিঙ্গা ও বাংলাদেশের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে ডাচেস অব এডিনবরা বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। এ সংকট মোকাবিলায় বাংলাদেশ যে বড় দায়িত্ব পালন করছে, তা স্বীকার করে রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়ে অব্যাহত প্রচেষ্টার আশ্বাস দেন তিনি।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডাচেস অব এডিনবরা নারীর ক্ষমতায়ন, মেয়েদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও বৈঠকে মতবিনিময় হয়।




























