| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার 
  • স্বরাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার 

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

    ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা যাচাই করছে সরকার। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

    শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার জন্য দিল্লিতে আবেদন করার খবরের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।

    তিনি জানান, যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক আইন সংস্থার মাধ্যমে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্ফুর জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে চিঠি পাঠানোর খবরের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে কনস্যুলার বা প্রশাসনিক চ্যানেলে যাচাই করা হয়নি।

    এ ধরনের কোনো আবেদন জমা পড়েছে কি না, সংশ্লিষ্ট দপ্তর ও মিশনগুলোর কাছে সেই বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন চাওয়া হয়েছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, আবেদনের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট দপ্তরগুলো বিদ্যমান আইন, পাসপোর্টের বিধিমালা এবং আদালতের চলমান নির্দেশনার ভিত্তিতে বিষয়টি পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনার আগের পাসপোর্ট বাতিল থাকায় তার আইনজীবীদের পক্ষ থেকে দেশে ফেরার সুবিধার্থে নতুন ট্রাভেল ডকুমেন্ট ও পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনটি করা হয়েছে।

    তবে বিষয়টি সরকারের পক্ষ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও পড়ুন