জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে একক কোনো গোষ্ঠী বা দলের বলে দাবি না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “যারা শুধু ৩৬ দিনের জুলাইকে নিজেদের বলে দাবি করছেন, তাদের রাজনীতি নবীনই থেকে যাবে; তারা কখনো বড় বা পরিপক্ব হতে পারবেন না।”
কখনো বড় হতে পারবেন না। ২০২৪ সবার, এই অর্জন কোনো একক গোষ্ঠী বা দলের নয়।
শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের নবীন বন্ধুরা যারা সম্প্রতি রাজনীতিতে এসেছেন, তারা যদি ২০২৪-এর চেতনাকে শুধু নিজেদের বলে দাবি করতে থাকেন, তবে একসময় এই অর্জন কারও থাকবে না। চব্বিশের বিপ্লব সবার। এই অর্জন একদিনে কিংবা হঠাৎ করে আসেনি।
২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছর বহু মানুষের রক্ত, সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে এই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। বহু মায়ের কোল খালি হয়েছে, বহু মানুষ গুমের শিকার হয়েছেন। সেই ত্যাগের ওপর ভিত্তি করেই আজকের এই পরিবর্তন।”
ঐতিহাসিক বিভিন্ন জাতীয় ঘটনা তুলে ধরে বিএনপির এই সিনিয়র নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো জাতীয় ঐতিহাসিক ঘটনাগুলো সর্বজনীন।
এগুলোর কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়, পুরো দেশবাসীর।”তিনি আরও বলেন, “যারা অতীতে মুক্তিযুদ্ধ ও এর চেতনাকে এককভাবে বিক্রি করতে চেয়েছিল, তারা আজ রাজনীতিতে বিলুপ্ত হয়ে গেছে। নবীন রাজনীতিবিদদের সেই একই ভুল না করার পরামর্শ দিচ্ছি।
জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের সকল মানুষকে সাথে নিয়ে জাতীয় ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত।”
অফিসার্স ক্লাবের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























