দেশের বিভিন্ন জেলার ১৭টি বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থী, জনসংখ্যা ও বিগত পাঁচ বছরের অ্যাকাডেমিক ফলাফলসহ বিস্তারিত প্রতিবেদন পাঠাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার ভিত্তিতে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা ও যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে গত ৪ নভেম্বর এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আয়তন, ইউনিয়নের সংখ্যা, মোট জনসংখ্যা, জাতীয়করণের যৌক্তিকতা, উপজেলায় ইতোমধ্যে কতটি প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে, শিক্ষার্থীর সংখ্যা (শ্রেণিভিত্তিক), শিক্ষকের সংখ্যা এবং বিগত পাঁচ বছরের পরীক্ষার ফলাফলের তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে জাতীয়করণের জন্য বিবেচনাধীন ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকাও উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো-
১. গাজীপুরের চান্দনায় চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
২. গাজীপুরের কালিয়াকৈরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
৩. গাজীপুরের কালিয়াকৈরে কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
৪. বগুড়ার শেরপুরে সীমাবাড়ী ভেতরা রজনী বালিকা উচ্চ বিদ্যালয়।
৫. বগুড়ার ধুনটে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
৬. দিনাজপুর সদরে দিনাজপুর উচ্চ বিদ্যালয়।
৭. নাটোরের নলডাঙ্গায় ডা. নাসির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়।
৮. বরিশালের উজিরপুরে শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়।
৯. সুনামগঞ্জের দিরাইয়ে দিরাই উচ্চ বিদ্যালয়।
১০. ফরিদপুরের নগরকান্দায় লস্করদিয়া আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়।
১১. গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ কালী নারায়ণ উচ্চ বিদ্যালয়।
১২. গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
১৩. গোপালগঞ্জের মুকসুদপুরে বাটিকামারী উচ্চ বিদ্যালয়।
১৪. সিলেটের দক্ষিণ সুরমায় লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ।
১৫. সিলেটের বালাগঞ্জে কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়।
১৬. ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ।
১৭. ঝিনাইদহ সদরে বিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ।
চিঠিতে প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত বিবরণ সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর জাতীয়করণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে তালিকাভুক্ত ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এখনো জাতীয়করণ করা হয়নি। এগুলো কেবল জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিবেচনাধীন রয়েছে।























