| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অধিবেশন ঘিরে সংসদ ভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ 
  • অধিবেশন ঘিরে সংসদ ভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ 

    Icon
    নিজস্ব প্রতিবেদক 
    প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

    জাতীয় সংসদের আসন্ন অধিবেশনকে কেন্দ্র করে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    ​আগামী ৮ নভেম্বর (রোববার) রাত ১২টা (অর্থাৎ ৯ নভেম্বর প্রথম প্রহর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

    ​বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

    ​বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং সংসদ ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ​নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো:

    ​মহাখালী ক্রসিং (ময়মনসিংহ রোড) থেকে শুরু করে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত।

    ​বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।

    ​পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।

    ​মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে আসাদগেট পর্যন্ত।

    ​খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং ইন্দিরা রোড এলাকা।

    ​জাতীয় সংসদ ভবনের সম্পূর্ণ সংরক্ষিত এলাকা এবং এর সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিপথ।

    ​গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এসব এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক বা দূষণীয় পদার্থ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের গণজমায়েত, মিছিল বা বিক্ষোভ প্রদর্শন কঠোরভাবে বারিত করা হয়েছে।

    আরও পড়ুন