জাপানে চার দিনের সরকারি সফল সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি। বিমানবন্দরে তাঁকে এবং তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যান প্রধানমন্ত্রী। সফরকালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল এবং বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী জাপানের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন উন্নয়ন সহযোগ সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন এবং দেশটির শিল্প স্থাপন ও কারখানা পরিদর্শন করেন।
সরকারি এই সফর দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।




























